
কোটচাঁদপুর(ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ মালিথাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কালিগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় চালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আলাউদ্দিন কালিগঞ্জের ঈশ্বরবা গ্রামের খোকন মিয়ার ইটভাটা থেকে একটি নাটা হাম্বার (ট্রলি) যোগে ইট নিয়ে বড়বামনদহ এলাকায় যান। ইট আনলোড শেষে পুনরায় কালিগঞ্জে ফিরে যাওয়ার পথে বড়বামনদহ মালিথাপাড়ার একটি অরক্ষিত ছোট রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে খুলনা অভিমুখী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুত গতিতে ট্রলিটিকে ধাক্কা দেয়। ট্রেনের প্রবল ধাক্কায় ট্রলিটি দুমড়েমুড়চে যায় এবং চালক আলাউদ্দিন ছিটকে পড়ে গুরুতর আঘাত পান।
বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, বড়বামনদহ এলাকার ওই রেলগেটটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রেন দূর্ঘটনার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত করছেন বলে জানিয়েছেন।