
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত জেলা প্রশাসক (ডিসি) নোমান হোসেন-এর সাথে স্থানীয় সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নোমান হোসেন। ওই সভায় উপজেলার মাদক সমস্যা এবং সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতি দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
সভায় উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা উপজেলার সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। কোটচাঁদপুরের যুবসমাজ আজ ধ্বংসের পথে, যুবসমাজকে রক্ষা করতে এখনই মাদকের শিকড় উপড়ে ফেলা প্রয়োজন। একইসাথে তারা স্থানীয় সাব-রেজিস্ট্রার অফিসের ব্যাপক অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ সেখানে জমি রেজিস্ট্রি করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন এবং ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। সভায় উপস্থিত সাংবাদিকরা তথ্য-প্রমাণসহ দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং এর প্রতিকারে জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, প্রশাসন যদি মাদকের গডফাদার এবং অফিসের দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে। উপস্থিত সুধীজনের এসব অভিযোগ ও দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি জেলা প্রশাসক নোমান হোসেন আশ্বস্ত করে বলেন আমি এখানে মানুষের সেবা নিশ্চিত করতে এসেছি। মাদক ও দুর্নীতির বিষয়ে আমি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করব। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা যেসব সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন, তা গুরুত্বের সাথে তদন্ত করা হবে। বিশেষ করে সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম বন্ধে ঝটিকা অভিযানসহ প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি উপজেলার সামগ্রিক উন্নয়নে সকলের একাত্মতা প্রকাশ করা হয়।