
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ৫২ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কোটচাঁদপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা। এ সময় তার সঙ্গে কনস্টেবল মো. আব্দুর রশিদ, মো. কামরুল হাসান, মামুনুর রশিদ ও রিগান হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়া এলাকার সোনালী হোমিও হলের চেম্বারে তল্লাশি চালানো হয়। এ সময় চেম্বারের ভেতরে রাখা একটি বড় কার্টুনের মধ্যে ১৭৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলি অ্যালকোহল লেবেলযুক্ত ছিল, যা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মো. আমিরুল ইসলাম (৫৯), পিতা মো. আয়নাল হক, সাং আদর্শপাড়া, কোটচাঁদপুর পৌরসভা, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ—কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে কোটচাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারনির ২৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি থানার মামলা নম্বর-০১, তারিখ-০৫/০২/২৬।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা কঠোর অবস্থানে রয়েছ।