
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
সার সংকট, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, সারের ডিলার নিয়োগে অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে
ইসলামী, কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মুয়াবিয়া হুসাইন, মাস্টার মশিয়ার রহমান এবং উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিসহ দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। আয়োজকদের দাবি, এতে হাজারো মানুষের উপস্থিতি ছিল।
মানববন্ধনে বক্তারা সার সংকট নিরসন, সারের ডিলার নিয়োগে অনিয়ম বন্ধ, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।