
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ গ্রামের কলেজ স্ট্যান্ডপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের শামছুজ্জামানের ছেলে খন্দকার আব্দুল্লাহ বাশার (৪০)।
পুলিশ জানায়, কোটচাঁদপুর পৌর ফাঁড়িতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিধান কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন জাহিদুল ইসলামের চায়ের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩৮ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়।
পরে জাহিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খন্দকার আব্দুল্লাহ বাশারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৩৯ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের হিসাবে প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম, মোট ওজন ৩.৯ গ্রাম। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। থানার মামলা নম্বর-১৮, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শ্যামা প্রসাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।