
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অধিবেশনে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ দীপা রানী সরকার। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী প্রভাষক শরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আনসারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুল হক মামুন এনসিপি নেতা হৃদয় আহমেদসহ সাংবাদিক, পেশাজীবী ও পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অধিবেশনের শুরুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় সড়কের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ পরিচ্ছন্নতা, ময়লা-আবর্জনা অপসারণ, লাইটিং ব্যবস্থা উন্নতিকরণ এবং হাসপাতালকেন্দ্রিক চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবি জানানো হয়।
আলোচনায় বিগত সময়ে জনসাধারণের ওপর আরোপিত অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স কমানোর দাবি জানালে পৌর প্রশাসক মিস দীপা রানী সরকার জানান, তাঁর প্রশাসনিক ক্ষমতার আওতায় হোল্ডিং ট্যাক্স ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ করলে আরও ১০ শতাংশ রেয়াত দেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন।
পৌর প্রশাসক বলেন, “আইনের সীমার মধ্যে থেকে নাগরিকদের প্রত্যাশা পূরণ এবং পৌরসভার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।”
বাজেট অধিবেশনে অংশগ্রহণকারীরা একটি জনবান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।