
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে সাফদারপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের দুই পাশে আগাছা, ঝোপঝাড় ও বিভিন্ন গাছপালা বেড়ে ঘন জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ না থাকায় সড়কটি এখন পথচারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘন জঙ্গলের সুযোগ নিয়ে এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশজুড়ে আগাছা ও ঝোপঝাড় এতটাই ঘন হয়ে উঠেছে যে অনেক স্থানে রাস্তার পাশের অংশই প্রায় আড়াল হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার ধারে এমনকি রাস্তার ওপর পর্যন্ত কলাগাছ ও অন্যান্য গাছ লাগানো হয়েছে, যা চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে।
স্থানীয় পথচারীদের অভিযোগ, একসময় নিয়মিত সড়কের পাশের আগাছা পরিষ্কারের কাজ করতে নারী শ্রমিকদের দেখা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম বন্ধ থাকায় উপজেলার অধিকাংশ সড়কের পাশই এখন জঙ্গলে পরিণত হয়েছে।
লক্ষীকুন্ডু গ্রামের বাসিন্দা কবির হোসেন খান বলেন, সাংবাদিক ভাই, এই রাস্তার পাশের জঙ্গল নিয়ে আপনারা একটু লেখালেখি করেন। রাত হলেই এই রাস্তায় ডাকাতির ভয় থাকে। জঙ্গল এত ঘন যে দিনের বেলায়ও কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া কঠিন।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার, অবৈধভাবে লাগানো গাছ অপসারণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হলে অপরাধের ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছি। লোক নিয়োগের কার্যক্রম চলছে। আশা করছি, এক মাসের মধ্যেই সড়কের দুই পাশ পরিষ্কার করার কার্যক্রম শুরু হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হবে এবং কোটচাঁদপুর–সাফদারপুর সড়ক আবারও নিরাপদ ও চলাচল উপযোগী পরিবেশ ফিরে পাবে।