
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়া হোসেন। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন চালুর বিষয়ে খোঁজখবর নেন এবং ভবনটি ঘুরে দেখেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।
এ সময় হাসপাতালের রান্না করা খাবারও পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি খাবারের স্বাদ গ্রহণ করে এর মান সম্পর্কে খোঁজখবর নেন এবং অসহায় এক রোগীকে আর্থিক সহায়তা করেন। পাশাপাশি রোগীদের ওয়ার্ডের বাথরুম, স্টোররুম এবং হাসপাতালে মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ রয়েছে কি না, সেসব বিষয়ও সরেজমিনে পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা দেখা যায়। অল্প সময়ের এই পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়া হোসেন বলেন, শিগগিরই কোটচাঁদপুরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নতুন ভবন চালুর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, হাসপাতালে বেশ কিছু সমস্যা রয়েছে। তবে এসব সমস্যা সমাধান করতে সময় লাগবে। স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে হাসপাতালটি পরিচালিত হলেও চিকিৎসকরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
হাসপাতালের চিকিৎসক ও নার্সদের উপস্থিতি, রোগীদের খাবারের মান এবং চিকিৎসাসেবার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ভবিষ্যতে হাসপাতালটির বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।