
জবি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সুমন সরদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় আমরা এ আয়োজন করেছি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। দেশের সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন আশ্রয়স্থল। তাই তার জন্মবার্ষিকীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমরা সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।
আয়োজকরা জানান, জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের চেষ্টা করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক- সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, রবিন মিয়া শাওন এবং আহ্বায়ক সদস্য- নাইমুর রহমান দূর্জয়, রাহাত হাসান, লিমন ইসলাম, মিঠু আলী, মনিরুজ্জামান, মাসফিকুল ইসলাম রাইন, জয়, মুমিনুল, প্রিয়ন্ত, ইভান, নাইম, মুসফিক, সৌরভ, মিথিল, আকরামসহ অন্য নেতাকর্মীরা।