
মোঃ আল ইমরান রুবেল
স্টাফ রিপোর্টার।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, সংগঠনের কার্যক্রমে গতি আনা এবং একটি শক্তিশালী ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন হাসান মাহবুব (সংবাদ)।
বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা গার্লস স্কুল রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল (দৈনিক জনতা) এবং সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার)।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি গলাচিপা প্রেসক্লাবকে আরও কার্যকর ও সক্রিয় প্রতিষ্ঠানে পরিণত করতে নবগঠিত আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও গণতান্ত্রিক কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্তও গৃহীত হয়।
গলাচিপার সাংবাদিক সমাজের প্রত্যাশা, নবগঠিত আহ্বায়ক কমিটি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করে প্রেসক্লাবকে একটি আধুনিক, দায়িত্বশীল ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।