
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় জমা-জমি বিরোধের জের ধরে বদিয়াজ্জামাল ওরফে জামাল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইলফাত আলী গংদের বিরুদ্ধে। গত শনিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার-হাসেম বাজার সড়কের মোল্লা অটো ফার্নিচার সংলগ্ন চার রাস্তা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত বদিয়াজ্জামাল খোলাহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আগপাড়া গ্রামের মৃত লাল বাহাদুরের ছেলে।
নিহতের স্বজনরাসহ স্থানীয়রা জানান, পাশের বাড়ির মৃত খলিল মিয়ার ছেলে ইলফাত আলীর সাথে একই গ্রামের কৃষক বদিয়াজ্জামালের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত শনিবার সন্ধ্যার দিকে বদিয়াজ্জামাল ওরফে জামাল চার রাস্তা নামকস্থানে যায়। সেখানে তাকে একা পেয়ে ইলফাত আলীর লোকজন পিটিয়ে আহত করে। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, বদিয়াজ্জামাল নামের এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।