
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
Toilets: A Place for Peace- এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব টয়লেট দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। গাইবান্ধা পৌরসভা, এসকেএস ফাউন্ডেশন ও ইএসডিও যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, অন্তর্ভূক্তিমূলক গণশৌচাগার উদ্বোধন এবং ভ্যাকু ট্যাগ সেবার ব্যবহারিক প্রদর্শনী। দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে গাইবান্ধা পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম।
বিশ্ব টয়লেট দিবসের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন সংযোগ পৌরসভার ড্রেন/জলাশয় থেকে বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এই সময় তিনি বলেন, যে সমস্ত বাসাবাড়ি বা প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন সংযোগ পৌরসভার ড্রেনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেগুলো তালিকা করে কয়েকদিনের মধ্যে সংযোগ বিচ্ছিন্নকরণের নোটিশ পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের পর কেউ সংযোগ বিচ্ছিন্ন না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পৌর প্রশাসক আরও বলেন, এনজিও প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ের সংগঠনগুলোর সহায়তায় পাবলিক ও কমিউনিটি টয়লেটগুলোর তালিকা করা হবে। সেগুলোর বর্তমান অবস্থা দেখে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি শহরের ব্রীজরোডে পৌরসভা ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে সংস্কারকৃত অন্তর্ভূক্তিমূলক গণশৌচাগারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট প্রোগ্রামস) খন্দকার জাহিদ সরোয়ার, গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রজেক্টের সমন্বয়কারী জেভিয়ার স্কু, ইএসডিও’র প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম। এছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী ফোরাম, টিএলসিসি সদস্য, সাংবাদিক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা এতে অংশ নেন।
পরে অন্তর্ভূক্তিমূলক গণশৌচাগারটি সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মূক্ত করা হয় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পয়ঃবর্জ্য নিষ্কাশনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ভ্যাকু ট্যাগের ব্যবহারিক প্রদর্শন করা হয়