
আন্তর্জাতিক ডেস্ক
ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ছয়জন এবং আহত হয়েছেন অন্তত ৮৩ জন। খবর- আল জাজিরা
এর কয়েক ঘণ্টা আগেই রাফাহ শহরে জাতিসংঘের একটি খাদ্য গুদামে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হন অন্তত পাঁচ জন। এর মাঝে একজন ছিলেন জাতিসংঘের কর্মী।
এদিকে রাফাহ শহরের উত্তরে জাবালিয়া রিফিউজি ক্যাম্পে এবং একটি বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হন তিনজন।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। চার মাসেরও বেশি সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৩১,২৭২ মানুষ, আহত হয়েছেন ৭৩,০২৪ জন।
এদিকে হামাসের হামলায় সর্বমোট নিহত হয়েছেন ১,১৩৯ ইসরায়েলি, এছাড়া কয়েক ডজন জিম্মি রয়েছে হামাসের কব্জায়।