
আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরাইল। রোববার থেকে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবরকে রীতিমত হামাসের বিজয় হিসেবে দেখছে ইরানের জনগণ।
সেই বিজয় উদযাপন করার জন্য ইরানের জনগণ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার জুম’আর নামাজের পর বিজয় ও আনন্দ মিছিল করেছে।
হামাস ও ইসলামিক জিহাদসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর চাপে দখলদার ইসরাইল বাধ্য হয়ে গত বুধবার হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়। যদিও তারা দাবি করেছিল যে, গাজায় ১৫ মাস আগে শুরু হওয়া তাদের গণহত্যামূলক অভিযানে হামাসকে ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
তবে সেটা তারা অর্জন করতে পারেনি। যার ফলে গাজায় হামাসের বিজয় উদযাপন করতে ইরানিরা দেশটির রাজধানী তেহরানসহ মাজানদারানের রাজধানী সারি, পশ্চিম ইরানের ইলাম এবং উত্তর-পূর্ব ইরানের ব্রিজ্যান্ড শহরে ‘বিজয় শুক্রবার’ নামে আনন্দ মিছিল করেছে।