
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ও গতকাল শুক্রবার রাতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ২৫ জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। অথচ বিনা কারণে আমাদের দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার করছে। টঙ্গী সরকারি কলেজের সাবেক ভিপি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতিসহ অর্ধশতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, জয়দেবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। কালিয়াকৈরে একজনকে, কালীগঞ্জে পাঁচজনকে, কাপাসিয়ায় একজনকে ও শ্রীপুরে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশ বিএনপির ২৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিএনপির ৪৫ জনকে গ্রেপ্তার করে।