
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানা মোড়ের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় রাসেলকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা পিকআপে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে পিকআপের পেছনের ডালায় প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং পরে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামতসহ তাকে গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।