
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
ঝিনাইদহে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের শমসপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে নুর আলম (২৩), আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন (৩৪) ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ ডিবির ওসি মো. জুয়েল ইসলাম জানান, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জিনের বাদশা সেজে গভীর রাতে আটককৃত প্রতারকরা ফোন করে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথী। তখন কথিত জিনের বাদশা বলে ওঠে “আমি মানুষ না, আমি জিন। তুই জিনের সঙ্গে কথা বলছিস মা। আমি জিনের বাদশা কোহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা। তোর মঙ্গল হবে। যদি পরিচয় না দিস, তাহলে পরিবারসহ এখনই ধ্বংস হয়ে যাবি”। বিথী খাতুনের ১২ বছর পর সন্তান হওয়ায় কথিত জিনের বাদশার “এখনই ধ্বংস হয়ে যাবি” কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জায়নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের ২০ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন। এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথী খাতুনকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে। গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাদেরকে হাতেনাতে আটক করে। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসিন (বিপিএম সেবা), এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এএসআই ইখলাচুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা দায়ের হয়েছে।