
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় নেচে-গেয়ে দর্শক মাতালো সাঁওতাল তরুণীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে নেচে-গেয়ে দর্শক মাতিয়ে তুলেছে সাওতালা তরুণীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকায় বেসরকারি সংগঠন আইইডি’র সহায়তায় ও গাইবান্ধার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) এ কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক সাঁওতাল নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে সাঁওতাল নারী-পুরুষদের তীর ছোড়া প্রতিযোগিতা, হাড়িভাঙ্গা, চেয়ারখেলা প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদিবাসী নেত্রী মারিয়া মুর্মু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, রবিদাস ফোরামের নেতা খিলন রবিদাস, সাঁওতাল নেত্রী নেজিয়া হাঁসদা, রিমা সরেন, সীমা কিস্কু, রূপসী মার্ডী, রাফায়েল হাঁসদা প্রমুখ।
বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিলুপ্ত হওয়ার পথে। সে সঙ্গে তাদের সংস্কৃতিও বিলুপ্ত হচ্ছে। এরা বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী। অধিকাংশই ভূমিহীন। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় অবিলম্বে সরকারি উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় গঠন করে হলে আদিবাসী ও তাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে।