
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই মো. লেবুকে (৫৫) গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আপন বড়ভাই ও তার পরিবারের বিরুদ্ধে। পরে চিকিৎসাধীন অবস্থায় লেবুর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান দুই আসামি বড়ভাই মো. মালেক ভান্ডারী (৬০) ও তার স্ত্রী লাভলীকে (৪৫) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন বিকেলে ঘাটাইল উপজেলার বীরচারী গ্রামে পারিবারিক বিরোধের জেরে মালেক ভান্ডারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ভাই মো. লেবুর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে লেবুর মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ৪ জুন ঘাটাইল থানায় মামলা নম্বর-০৪ দায়ের করা হয়। প্রাথমিকভাবে মামলাটি দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারায় রুজু করা হয়। পরবর্তী সময়ে মামলায় ৩০২ ধারা (হত্যা) সংযুক্ত করা হয়।
এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ঘাটাইল থানার কাজীপাড়া এলাকা থেকে মালেক ভান্ডারীকে এবং শাহাপুর পাতালিপাড়া এলাকা থেকে তাঁর স্ত্রী লাভলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।