
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হামিদপুর বাজারের কাছে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুর জেলার রাশেদ মিয়া (২৫) ও মিজানুর রহমান মমিন (৩২) এবং টাঙ্গাইল জেলার সুজয় দেব (২৮) ও হৃদয় দাস (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজারের কাছে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সীমান্তবর্তী জামালপুর এলাকা থেকে টাঙ্গাইলের দিকে আসা একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে প্রাইভেটকারের পেছনের ডালায় বিশেষ কায়দায় রাখা ১৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।