
চকরিয়া(কক্সবাজার) সংবাদদাতা
চকরিয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে হারবাংয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক নাছির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। একের পর এক অন্যায় অপরাধ কর্মে লিপ্ত হয়ে বেপরোয়া হয়ে উঠেছে এফপিআই নাছির উদ্দিন।
তার অপরাধের কর্মকান্ডের সীমা ছাড়িয়ে গেলেও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ধরণের আইনগত ব্যাবস্থা না নেওয়ায় একই বিভাগের কর্মরত কর্মীরাও শংকিত।
এফপিআই নাছির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সময় ভোক্তাভুগী নারী কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা অভিযোগ করলেও এফপিআই নাছির উদ্দিনের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তি না হওয়ায় সে দিন দিন বেপরোয়া হয়ে আরও ভয়ংকর হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। চকরিয়ার পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত মাঠ পর্যায়ের নারী কর্মীসহ তার সহকর্মীরা অনেকে এফপিআই নাছির উদ্দিনের হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৬ অক্টোবর বরইতলী ইউনিয়নে কর্মরত সিনিয়র পরিবার কল্যাণ সহকারী তৈয়বা বেগমকে চাকরি বিধিবহির্ভুত ভাবে দুর্ব্যবহার করে অসদ আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে পরিবার কল্যাণ সহকারী তৈয়বা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এফপিআই নাছির উদ্দিন বরইতলী ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার পর বরইতলীতে কর্মরত প্রত্যেক সহকর্মীদের সহযোগিতা না করে গালিগালাজ করে অসৌজন্যমূলক আচরণ করে যাচ্ছে। অনেক সময় সহকর্মীদের মারার জন্য তেড়ে আসে। বরইতলীতে কর্মরত পরিবার কল্যাণ সহকারীরা নাছির উদ্দিনের দুর্ব্যহার ও হামলার ভয়ে কাজ করতে গিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বলে বরইতলী ইউনিয়নে অভিযোগকারী কর্মরত পরিবার কল্যাণ সহকারীরা এ প্রতিনিধিকে জানান।
এর পূর্বেও হারবাং এফডাব্লিউসি তে মিটিং চলাকালীন পরিবার কল্যাণ সহকারী রুমী কে এফপিআই নাছির উদ্দিন অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে তেড়ে আসে ও হুমকি দেয়। এ ব্যপারে তিনি চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় এবং তা পরবর্তীতে এক প্রকার মিমাংসিত হলেও নাছির উদ্দিন আবারও বরইতলী ইউনিয়নে কর্মরত এফডাব্লিউএ তৈয়বা বেগমের সাথে অসদআচরণ করে বলে জানা গেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে উপপরিচালক ও চকরিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মৌখিক ভাবে ও লিখিতভাবেও অবগত করা হয়েছে বলে পরিবার কল্যাণ সহকারীরা জানান। কর্মরত নারী কর্মীরা বরইতলী ইউনিয়নে এফপিআই পদে অতিরিক্ত দায়িত্বরত নাছির উদ্দিনকে বরইতলী ইউনিয়ন থেকে সরিয়ে অন্য একজন এফপিআই কে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বরইতলী ইউনিয়নে কর্মরত এফডাব্লিউএ নারী কর্মীরা। সৌহার্দপূর্ণ আচরণশীল ও সহযোগিতা করার মানসিকতা সম্পন্ন সদাচারী এমন একজন এফপিআই কে বরইতলীতে দায়িত্ব দেওয়া হলে তারা নির্বিঘ্নে সরকারী সেবা কাজ করে এগিয়ে যেতে পারবে বলে মত প্রকাশ করছে বরইতলী ইউনিয়নে কর্মরত এফডাব্লিউএ নারী কর্মীরা।
এ ব্যাপারে চকরিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়টি রহস্যজনক ভাবে এড়িয়ে যান। বরইতলীতে অতিরিক্ত দায়িত্বরত এফপিআই নাছির উদ্দিনের মারমূখী এ ধরণের অসদ আচরণের ফলে কর্মস্থলে কর্মরত নারীরা নাছির উদ্দিন কর্তৃক যে কোনো সময় নিজেরা সম্মানহানির আশংকা প্রকাশ করছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত সকল কর্মরত কর্মীরা।