নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধ তৈরি হলেই ট্রলের শিকার হন নায়ক রিয়াজ। আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় তিনি চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা করেছিলেন। এরপর থেকেই চট্টগ্রামে পানি জমলে সামাজিকমাধ্যমে ট্রলের শিকার হন চিত্রনায়ক রিয়াজ। তবে এটিকে সাধারণভাবেই দেখেন তিনি। এতে তার খারাপ লাগে না মোটেও।
সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে রিয়াজ বলেন, ‘চট্টগ্রাম পানিতে ডুবলে মানুষ আমাকে সেখানে নিয়ে গিয়ে হাতে মাছ ধরিয়ে দেয়। ট্রল করে। আমার কাছে এটা খারাপ লাগে না, ভালোই লাগে। একটি কথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে এটা করে ওই মানুষটা যদি আনন্দ পায়, তবে পাক। আমি খুব ইতিবাচক মানুষ।’
রিয়াজ আরও বলেন, ‘আমি এ কারণেই এটা বলেছি যে চট্টগ্রাম অনেক উন্নত হয়েছে। চমৎকার রাস্তা তৈরি হয়েছে, টানেল তৈরি হয়েছে কর্ণফুলীর নিচ দিয়ে। আবার এটা ঠিক যে চট্টগ্রামের অনেক রাস্তা আছে, অনেক এলাকা আছে যা অল্প বৃষ্টির পানিতে তলিয়ে যায়।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দায়িত্বরত ও সিটি মেয়রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘আমরা বলি বীর চট্টলা, এটা একটা পোর্ট সিটি। আমাদের যাবতীয় উন্নয়নের সব কিছুই চট্টগ্রাম থেকে আসে। এ ক্ষেত্রে আমি বলব নিচু অঞ্চলগুলোর জলাবদ্ধতা নিরসনে যেখানে দায়িত্বরত আছেন, সিটি মেয়র আছেন, তাদের পজিটিভলি কাজ করতে হবে।
জলাবদ্ধতার কারণ হিসেবে প্লাস্টিকের বোতলের কথা উল্লেখ করেছেন রিয়াজ। বলেছেন, ‘পানি খেয়ে যেসব প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া হয়, সেসব যায় কোথায়? হাজার হাজার টন প্লাস্টিকের বোতল ড্রেনের মুখে আটকে যায়। তাই এটিও আমাদের জনসচেতনতামূলক কর্মকাণ্ড হওয়া উচিত, আমাদের আরো সতর্ক, সচেতন হওয়া উচিত।
