
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার নিয়ে বর্তমানে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন চালকল মালিকরা। ধানের দাম ওঠানামা করায় চালের দামেও কিছুটা হেরফের হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে জেলা চালকল মালিক গ্রুপ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা চালকল মালিক গ্রুপের সহসভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘সারা বছর বিভিন্ন সময় ধানের দাম ওঠানামা করায় চালের দামে একটু হেরফের হওয়াটা স্বাভাবিক। তার পরও আমরা সহনীয় দামে চাল সরবরাহ করছি।
এর আগে অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে মুনজুর অটোরাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ জানুয়ারি জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
চালকল মালিক গ্রুপের সহসভাপতি আনোয়ার হোসেন দাবি করেন, মুনজুর অটোরাইস মিল এবং অন্য মিল মালিকদের নামে অপপ্রচার করা হয়েছে। এর পরও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটে যায়। আমরা এরই মধ্যে তার কারণ উল্লেখ করে প্রশাসনকে জানিয়েছি। এরই মধ্যে চালের বাজার সহনীয় রাখতে চালের দাম নির্ধারণ করে মিলে ব্যানার লাগানো হয়েছে। বর্তমানে সরু চাল মিল থেকে ৬২ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন, মোজাম্মেল হক অটোরাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন, আতিক অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন সহ অনেকে।