চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত সদর উপজেলার শান্তির মোড় ও সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। লাঠিপেটা ও অন্তত ২০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন র্যাব ও বিজিবির সদস্যরা।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগের পর এ আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটযুদ্ধে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওদুদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান(টেলিভিশন)।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা দুইটার দিকে শান্তির মোড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা। আওয়ামী লীগের সমর্থকেরা ‘বিদ্রোহী’ প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা নৌকার সমর্থকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পুলিশ মোটরসাইকেল দুটি সদর থানায় নিয়ে যায়। শান্তির মোড় থেকে সরে গিয়ে নৌকার সমর্থকেরা সোনার মোড়ে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ, বিজিবি, র্যাবের সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।