
মোঃ আল ইমরান রুবেল
স্টার্ফ রিপোর্টার পটুয়াখালী।
পটুয়াখালী টাউন জৈনকাটিতে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারী ও তার শিশু সন্তানকে নিয়ে উধাও হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিখোঁজ আসমা বেগম ও তার অবুঝ কন্যাসন্তানের এখনো কোনো সন্ধান না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, গত সতেরো তারিখ আনুমানিক দুপুর বারোটার দিকে জৈনকাটি এলাকার কবির প্যাদার স্ত্রী আসমা বেগমকে চাকরির কথা বলে কাঠালতলি এলাকার নিলুফা নামে এক নারী। অভিযোগ উঠেছে, চাকরির প্রলোভনে আসমা বেগমের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন নিলুফা। পরবর্তীতে চাকরির কথা বলে ঢাকার উদ্দেশ্যে আসমা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান তিনি।
রওনা হওয়ার সময় আসমা বেগম তার ছেলেকে স্বামীর কাছে রেখে গেলেও, সাথে নিয়ে যান তার ছোট মেয়েকে। তবে ঘটনার এতদিন পার হয়ে গেলেও আসমা বেগম ও তার কন্যাসন্তানের কোনো খোঁজ মেলেনি। স্ত্রীর সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ থাকায় দুই সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় স্বামী। স্বজনদের আকুল কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও।
এ ঘটনায় নিরূপায় হয়ে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে থানা পুলিশ।