
বিনোদন ডেস্ক
গেলো রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে অন্যতম সফল ছবি ‘জংলি’। তরুণ নির্মাতা এম রাহিমের পরিচালনায় বুবলী – সিয়াম জুটি অভিনীত এই ছবিতে উঠে এসেছে বাবা – মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো হাউজফুল যাচ্ছে। যদিও বরবাদ ও দাগি’র কারণে জংলির শো এর পরিমাণ কম ছিল। তবুও দর্শকের কাছ থেকে ছবিটি ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে। আর এই কারণেই ঈদের তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে এখনও জংলি দেখতে মানুষ ভিড় জমাচ্ছে।
স্বাভাবিকভাবেই দর্শকরা জানতে উৎসুক এমন অবস্থায় মুক্তির ১৬ দিনে জংলি ছবিটি প্রেক্ষাগৃহে থেকে কত টাকা আয় করেছে ? এবার সেই তথ্য দিয়েছেন ছবিটির পরিচালক এম রাহিম। বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, জংলি’র গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) ২ কোটি ৬ লাখ টাকা ছাড়িয়েছে। তিনি ওই স্ট্যাটাসে জানান, পরিবারের সবাই একসাথে হাসছে, একসাথে কাঁদছে ছবিটি দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো – লাখো পরিবারের হাসি – কান্নার কারণ হবো।
তার এই আলোচিত ছবির আয়ের পরিমাণ জানিয়ে রাহিম বলেছেন, জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন ২ কোটি ৬ লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।
জংলি ছবিতে বুবলী ও সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট মেয়ে নৈঋতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা। অত:পর সিয়াম সত্যিই সত্যিই তার বাবা হয়ে উঠেন ছবিতে। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ