
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ ইউনিয়নের বাটিভারাপৌত ইছপপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জবেদুন নেছা (৭৫) ও কানাইঘাট উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের পশ্চিম রাজপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে কামাল উদ্দিন (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর ১ টার কালীগঞ্জ গরুর হাটের সামনে ১০ সিটা গাড়ির ধাক্কায় জবেদুন নেসা (৭৫) নামের একজন ভিক্ষুক মহিলা গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওইদিন রাত ৮ টার দিকে আটগ্রাম নওয়াগ্রাম এলাকায় অজ্ঞাত এক নোহা গাড়ির ধাক্কায় কানাইঘাটের দিঘিরপার পূর্ব ইউনিয়নের পশ্চিম রাজপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মিশুক অটোরিকশা চালক কামাল উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে চালক কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, কালিগঞ্জে ১০ সিটা গাড়ির ধাক্কায় যে মহিলা মারা গেছেন ওই মহিলার পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটগ্রামের নোয়াগ্রামে সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামের যে চালক মারা গেছেন উনার পরিবার থেকে রোববার ভোররাত পর্যন্ত কোন অভিযোগ কিংবা ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রহণের আবেদন করা হয়নি। তাই এখনো কোন সিদ্ধান্ত করা যায়নি। ওসি আরও জানান, পৃথক দুর্ঘটনায় সম্পৃক্ত গাড়ি চিহ্নিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।