
প্রতিনিধি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ সংবাদ সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদকে আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিলন হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির অন্য দুই সদস্য হলেন—দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজান উদ্দিন মাসুদ এবং দৈনিক জনকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওমর ফারুক জিলন।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর মেয়াদ গত ১২ ডিসেম্বর ২০২৫ শেষ হওয়ায় গঠনতন্ত্রের ধারা ৯ অনুযায়ী সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে সভায় অংশগ্রহণকারী সদস্যদের পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।