
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে টাঙ্গাইলে শিল্প কারখানার শ্রমিকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে টাঙ্গাইলের আলাউদ্দিন টেক্সটাইল মিলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কারখানাটির প্রায় এক হাজার শ্রমিকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সাহা, সবুজ পৃথিবী দেলদুয়ার শাখার সভাপতি বিপ্লব কুমার কর্মকার এবং সাঁকো সমাজসেবামূলক সংগঠনের নির্বাহী পরিচালক আমির হামজা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।
আয়োজকরা জানান, শিল্প শ্রমিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে গাছের চারা গ্রহণ করেন এবং নিজ নিজ এলাকায় তা রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করেন।
বক্তারা বলেন, বায়ুদূষণ ও বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিল্পাঞ্চলে সবুজায়নের পরিধি বাড়াতে শ্রমিক ও মালিকপক্ষকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। কারখানার আশপাশের খালি জায়গা এবং শ্রমিকদের নিজ বাড়িতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।