
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের মাঝে ইসলামি জ্ঞান ও সুস্থ সংস্কৃতি চর্চা পৌঁছে দিতে “কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের” উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘নবীন বরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা’।
আজ বুধবার (৬ নভেম্বর) বেলা দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের গ্যালারি কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আয়োজনে ৫৩তম ব্যাচের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ছিল ১৫০০ কপি অর্থসহ আল কুরআন, চাবির রিং এবং দুপুরে নাস্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের এ ধরনের আয়োজন আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে। তিনি বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান সম্পর্কে জানতে ও আমাদের জীবনে চর্চা করতে কুরআন পাঠ অত্যাবশকীয়। কুরআন পাঠ করলেই বা এর ব্যাখ্যা করতে পারলে আমাদের লক্ষ্য অর্জন হবে না। লক্ষ্য অর্জন করতে আমাদের জীবন আচরণে কুরআনের শিক্ষা প্রতিফলিত হতে হবে।
এছাড়াও নবীনবরণ উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গনে ছিল হাজারো আকর্ষণীয় বইয়ের স্টল। রেজিস্ট্রেশনকৃত নবীন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বইক্রয়ে ছিল ৫০% ছাড়।
পুরো অনুষ্ঠানে পুরুষ সেকশনে কনভেনর দায়িত্বে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো: মুহিবুল্লাহ এবং ফিমেল সেকশনে দায়িত্বে ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রহমান।
নবীন বরন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে নাশীদ পরিবেশন করবেন- আবু উবায়দা, জনপ্রিয় নাশীদ শিল্পী, ঈশরাক সুহায়েল, ক্ষুদে নাশীদ শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শায়খ প্রফেসর মোখতার আহমাদ, আই আই ইউ সি, ঢাকা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।