
জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবি’র ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার বিকেলে যৌথভাবে অভিযান পরিচালনা করে র্যাব-১৪ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের ভেতরে ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ২ লিটার হিসেবে মোট ১৪৪৪ লিটার তেল জব্দ করা হয়েছে।
জামালপুর র্যাব এর কোম্পানি কমান্ডার মেজর লাবীদ জানান, জব্দকৃত এসব তেল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
পুরো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।