
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
আশির দশক থেকে সাংবাদিকতা জগতে যার ছিল সাহসী ও দীপ্ত পদচারণা, ঝিনাইদহের কোটচাঁদপুরের সেই প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলাম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন একসময়ের তুখোড় এই সংবাদকর্মী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অধিকাংশ সময়ই তিনি অচেতন অবস্থায় থাকছেন।
আশির দশকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতায় হাতেখড়ি হয় শেখ নজরুল ইসলামের। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন দৈনিক বাংলার বাণী, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক মানবজমিন এবং স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায়।
সাংবাদিকতার দীর্ঘ পথচলায় কোটচাঁদপুরসহ বৃহত্তর এলাকার মানুষের সমস্যা, অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনা ও সামাজিক নানা অসংগতির চিত্র সাহস ও দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন তিনি। সাধারণ মানুষের কথা ছিল তার লেখনীর অন্যতম প্রধান বিষয়। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশে কখনো আপস করেননি এই প্রবীণ সাংবাদিক।
অনুসন্ধানী ও সাহসী প্রতিবেদনের কারণে অল্প সময়ের মধ্যেই স্থানীয় পাঠকসমাজে ব্যাপক পরিচিতি লাভ করেন শেখ নজরুল ইসলাম। সংবাদপত্রের পাতায় তার প্রতিবেদন প্রকাশ মানেই ছিল গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসা। মানুষের দুঃখ-কষ্টের পাশাপাশি সমাজের অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও ফুটে উঠত তার লেখায়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে কোটচাঁদপুরের সংবাদজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি প্রেসক্লাব কোটচাঁদপুরের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবে একটানা প্রায় ২০ বছর সভাপতির দায়িত্ব পালন করেন শেখ নজরুল ইসলাম। তার নেতৃত্বে স্থানীয় সাংবাদিকতার নানা কর্মকাণ্ড এগিয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা।
একসময় যে সাহসী কলম সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে, আজ সেই কলমযোদ্ধাই শয্যাশায়ী। গুরুতর অসুস্থতায় নিজ বাড়িতে চিকিৎসাধীন শেখ নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতিতে পরিবার, সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
প্রবীণ এই সাংবাদিকের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদান স্মরণ করে তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য পরিবার এবং প্রেসক্লাব কোটচাঁদপুরের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।