
ইবি প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, ‘২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২জন ছাত্র গুম হয়েছে। এটা ছিল গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতা। আমরা দেশকে মুক্ত করতে পারিনি, পেরেছে সামনের বসা শিক্ষার্থীরা। সেজন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা জীবন বাজি দিয়ে আমাদের স্বাধীন করেছ। তোমরা পেরেছ বলেই আজ আমাদের প্রত্যাশা তোমাদের কাছে অনেক বেশি। তোমাদের দিকেই তাকিয়ে আছে এই দেশ, এই জন্মভূমি, এই জাতি। জুলাইয়ে তোমরা যা দেখিয়েছিলে, তা শুধু এই দেশ নয় পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছিল।’
২০ সেপ্টেম্বর দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে স্নাতক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দু’দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘সকলকে মিলেই একটি বিশ্ববিদ্যালয়। সবাই মিলে এটিকে গড়ে তুলতে হবে। এখানে কারোর ভুমিকা কারোর থেকে নগণ্য বা বড় নয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। কারন এখান থেকেই দেশ সেরা মেধাবীরা বের হয় দেশ গঠনের শিক্ষা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই স্কলার। একজন শিক্ষক হিসেবে অন্যজন শিক্ষার্থী হিসেবে।’
অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে ড. ফায়েজ বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পথ বাতলে দিতে হবে। তাদেরকে সফলতার পথ দেখাতে হবে, যাতে তারা দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজ ও জাতিকে এগিয়ে নিতে পারে। শিক্ষার্থীদের প্রতিটি বিষয়েই গুরুত্ব দিতে হবে। অনেক বিষয় আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এর ভেতরেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিহিত থাকতে পারে। একজন শিক্ষার্থী হয়তো সেই ক্ষুদ্র বিষয় থেকেই তার উন্নয়নের চিন্তা শুরু করছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন প্রথম দিনের আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর চারুকলা অনুষদের শিক্ষার্থী বিজয়ী কর্মকার পবিত্র গীতা থেকে পাঠ করেন এবং উনুক্ত চাকমা ত্রিপিটক থেকে পাঠ করেন। অনুষ্ঠানের প্রথম দিনে ৫টি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।