
লাইফস্টাইল ডেক্স
প্রেম মানেই সব কিছু মধুর নয়। এতে থাকে কষ্ট, বেদনা ও ঝগড়া। কেউ কেউ মনে করেন ঝগড়া বেশি হওয়া মানেই সম্পর্ক অনেক দুর্বল। কিন্তু এই ধারণা কি সঠিক না ভুল? সম্প্রতি গার্ডিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ ব্যাপারে সম্পর্ক বিশেষজ্ঞ জোসেফ গ্রেনি কিছু তথ্য দিয়েছেন।
তার মতে, দম্পতিদের সবচেয়ে বড় ভুল হলো এড়িয়ে যাওয়া। আমরা ভাবি কিন্তু মুখে বলি না, অন্তত যতক্ষণ না পুরো ব্যাপারটা অসহ্য হয়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত না। আমরা আসলে এই সব কথোপকথনগুলো এড়িয়ে যাই এটা ভেবে যে, বললে অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমরা এটা বুঝি না যে না বললেও অনেক সমস্যা হতে পারে।
ওই প্রতিবেদনেই প্রকাশিত একটি জরিপের ফলাফল বলা হয়েছে, যে সব দম্পতিরা ঝগড়া করেন, তারাই সম্পর্কের দিক থেকে অনেক বেশি সুখী। অন্ততপক্ষে তাদের থেকে, যারা অনুভূতি ও আবেগ লুকিয়ে রাখেন এবং ঝগড়া করেন না।
এ বিষয়ে একাধিক মার্কিন গবেষণার ফলাফলও তাই বলছে। একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, ৪৪ শতাংশ মার্কিন দম্পতি মনে করেন, সপ্তাহে অন্তত একবার ঝগড়া হওয়ার মানে তাদের পারস্পরিক যোগাযোগ বেশ ভাল।
আসলে সম্পর্কে ঝগড়া যত বেশি, তত বেশি উষ্ণ সেই সম্পর্ক। পরস্পরের কাজ নিয়ে, ভাবনা নিয়ে প্রশ্ন তোলা, তার সমালোচনা করা অথবা অভিমান করা, এই সব কিছুই সম্পর্ককে উজ্জীবিত রাখে।