
গাজীপুর প্রতিনিধি :
নতুন বাংলাদেশ বিনির্মাণে অচল হয়ে পড়া টঙ্গীর সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী হিসেবে তারা তিন শিফটে ডিউটি ভাগ করে এ কাজ করছেন।
বুধবার সকালে টঙ্গী-সিলেট আঞ্চলিক সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা থেকে টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর পর্যন্ত শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করতে দেখা যায়। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সড়ক-মহাসড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করছেন।
টঙ্গী স্টেশন রোডে টঙ্গী কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. রিয়াদ, ঢাকা পলিটেকনিক্যালের অষ্টম সেমিস্টারের ছাত্র মিনহাজ, নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিনা আক্তার, গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজের এইসএসসি পরীক্ষার্থী আদনান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী লীনা, এসকে কলেজের শিক্ষার্থী মেহেদীসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার ভোরের বাংলা নিউজ কে জানান, এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শনিবার থেকে শুরু হয়েছে। তিন শিফটে দায়িত্ব পরিচালিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা, ১০টা থেকে ১টা ও ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। টঙ্গীতে আমরা প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই দায়িত্ব পালন করছি।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আলাদাভাবে আরও কয়েকটি টিম রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন। শিক্ষার্থীদের এ মহতী কাজে সাধারণ মানুষ সব ধরনের সহযোগিতা করছেন।