
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করা হয়েছে। এতে করে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটিয়ে আনন্দে ভাসছেন কয়েকটি উপজেলার লক্ষাধিক মানুষ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই জনগণের কল্যাণে কাজ শুরু করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই সেতু নির্মাণের ফলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে। সেতুটি চালু হওয়ায় বাসাইল উপজেলার এই অঞ্চলের মানুষের জন্য টাঙ্গাইল জেলা শহরে যাতায়াত এখন অনেক সহজ ও দ্রুত হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত সেতুটির দৈর্ঘ্য ২৮২ মিটারের গ্রাডার। নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৮ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.আকলিমা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর নবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ সরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন নেতৃবৃন্দ।