
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনুর তার স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা মন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আদালত শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।