
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হত্যা মামলার আসামি আতিকুর রহমান রিপন ওরফে ডিশ রিপন (৫০), সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি জিতেশ সরকার কৌশিক (৩৫) এবং ছিনতাই মামলার আসামি সুমন (২৭)কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া এলাকায় পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে হানিফ খানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। মামলাটি দায়েরের পর থেকে আতিকুর রহমান রিপন পলাতক ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গত ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে নিষিদ্ধ সংগঠনের পোস্টারসহ বিভিন্ন প্রচারসামগ্রী উদ্ধারের ঘটনায় কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় জিতেশ সরকার কৌশিককে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, গত ১২ এপ্রিল ভোরে কর্মস্থলে যাওয়ার পথে টাঙ্গাইলের সন্তোষ বালুচড়া-কাগমারী কলেজের পাশে নুর নবী মিয়াকে অস্ত্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুরের জগৎপুরা হেমনগর এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার সন্দেহভাজন পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।