
টাংগাইল জেলা প্রতিনিধি
জাতির মুক্তির সনদ আল্লাহর বিধান
মানবরচিত সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেওয়া সত্যদীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় দেশের চলমান সংকটময় অবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ সকল অরাজকতাময় পরিস্থিতির জন্য মানুষের তৈরি প্রচলিত ব্যবস্থাকে দায়ী করেন তিনি।
টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হোসেন নাজমের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কেবল একটি বাক্য নয়, এটি আল্লাহর সাথে বান্দার একটি দ্বিপাক্ষিক চুক্তি বা কন্ট্রাক্ট। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া আমি আর কারো হুকুম, বিধান বা আইন মানি না। এই অঙ্গীকারই হলো ঈমান।’
প্রচলিত মানবরচিত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পর প্রায় ৮০ বছর অতিবাহিত হলেও আমরা প্রকৃত স্বাধীনতা বা মুক্তি পাইনি। কারণ, আমরা ব্রিটিশদের রেখে যাওয়া আইন ও বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারিনি। আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আইন- আদালত সব চলে ব্রিটিশদের রেখে যাওয়া সিস্টেমে। সুদভিত্তিক অর্থনীতির জালে পরে জাতি আজ ২১ লক্ষ কোটি টাকা ঋণের জালে আবদ্ধ। গণতন্ত্রের নামে ভোট আর নির্বাচনের মূলা দেখিয়ে জাতিকে বারবার প্রতারিত করা হচ্ছে। প্রশাসন, বিচার বিভাগ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -কোথাও মানুষ শান্তি-সস্তি, নিরাপত্তা পাচ্ছে না। মানুষের তৈরি এই সিস্টেম বা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়েছে।
সমাধানের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, দেশের ইতিহাসে বহু ইস্যুতে বহুবার গণভোট হয়েছে, আশানুরূপ কোনো ফল আমরা পাইনি। সকল সংকট থেকে মুক্তি পেতে হলে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। জাতির মুক্তির সনদ একমাত্র আল্লাহর বিধান। ‘আল্লাহর বিধান চাই নাকি মানুষের তৈরি বিধান চাই’ এই প্রশ্নে গণভোট আয়োজন করতে হবে। ৯০% মুসলমানের দেশে এই দাবি আমাদের অধিকার -বলেন হেযবুত তওহীদের এই নেতা।
তিনি আলেম সমাজকে আল্লাহর বিধানের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করার তাগিদ দিয়ে বলেন, আপনাদের জ্ঞান আছে, মানুষ আপনাদের সম্মান করে। আপনারা বিতর্কিত মাসলাগত ছোটখাটো বিষয় নিয়ে নিজেরা নিজেরা তর্ক-বাহাস করে আর নিজেদের মেধা, শক্তি, জ্ঞানকে অপচয় করবেন না। একদল আরেকদলের বিরুদ্ধে লাগবেন না। এখনই সময় আল্লাহর বিধানের পক্ষে ঐকমত্য হন। আপনাদের নিজেদের যার যার জায়গা থেকে মানুষকে আল্লাহর বিধানের পক্ষে, দীন প্রতিষ্ঠার পক্ষে উদ্বুদ্ধ করুন। ভাই ভাই হয়ে একসাথে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করার সনির্বন্ধ অনুরোধ জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, রংপুর বিভাগীয় আমির মো. মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা, জেলা সাধারণ সম্পাদক মামুন পারভেজ ও নারী বিষয়ক সম্পাদক চায়না আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু ও সামিয়া ডলি।