
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা আটকে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার এই রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে একটি মহল সেই রাস্তাটির জায়গা নিজেদের বলে দাবি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এতে করে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষের জন্য বিষয়টি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তাদের।
অভিযোগের বিষয়টি জানতে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার চলাচলের জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। এ সময় ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দ্রুত সমস্যাটির সমাধান চান এবং পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
স্থানীয়দের দাবি, এটি যদি পৌরসভার জনসাধারণের ব্যবহারের রাস্তা হয়ে থাকে, তাহলে সেটি উন্মুক্ত রেখে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে, রাস্তার জায়গা নিয়ে কোনো ব্যক্তিগত মালিকানা বা আইনগত বিরোধ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।