
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ-এর টাঙ্গাইল জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা নিয়ে জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের এক কর্মী ও সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাইম। তিনি নিজেকে জেলা ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে পরিচয় দেন।
পরে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, একটি বাঁশের খণ্ডে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে দলীয় কার্যালয় প্রাঙ্গণে তা উত্তোলন করছেন তিনি।
বক্তব্যে নাইম বলেন, “আমি নাইমুর রহমান নাইম, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। আমার ব্যক্তিগত উদ্যোগে দলের পক্ষ থেকে আজকে টাঙ্গাইল জেলা কার্যালয়ে আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি। আপনারা সবাই আমার পক্ষে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার একাধিক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে সেখানে অস্থায়ী দোকানপাট বসেছে বলে স্থানীয়রা জানান।