
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছাইম তালুকদার বিপ্লব-কে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকায় তাঁর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পরে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবু ছাইম তালুকদার বিপ্লব টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর গ্রেফতারের খবরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও গ্রেফতারের বিষয়ে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।