
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৫ জনকে আটক করা হয় এবং মাটি পরিবহনে ব্যবহৃত ৪টি যানবাহন জব্দ করা হয়েছে।
সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার রাত ২টা পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।
অভিযান চলাকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে কৃষিজমি ও নদীর তীর থেকে মাটি কাটার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক ও ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।