
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টানা তৃতীয়বারের মতো ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর চেয়ার নির্বাচিত হওয়ায় বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় টাঙ্গাইলে সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন (সেবা)-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন। এতে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক মো. আবুল কালাম মোস্তফা (লাবু), কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলার বিভিন্ন সহযোগী সংস্থার প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি জাকির হোসেনসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা পত্র পাঠ করেন সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মির্জা সাকিফ হোসেন।
স্বাগত বক্তব্যে মো. আবুল কালাম মোস্তফা (লাবু) বলেন, দেশের এনজিও ও মাইক্রোফাইন্যান্স খাতের বিকাশে জাকির হোসেনের দীর্ঘদিনের অবদান গুরুত্বপূর্ণ। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা এ খাতকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন এসএসএস, টাঙ্গাইলের সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল, বিডিসি ব্র্যাক, টাঙ্গাইলের সরকার হাসান ওয়াইজ, বাওপার নির্বাহী পরিচালক মো. আব্দুর রউফ, যুগবানীর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মির্জা সাকিফ হোসেন, আরপিডিওর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি রওশন আরা লিলি, সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন তালুকদার, এফএনবি ঢাকার কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডল এবং বুরো ক্রাফটের চেয়ারম্যান, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান রাহেলা জাকির।
সংবর্ধিত অতিথি জাকির হোসেন তাঁকে সম্মাননা দেওয়ায় এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ হওয়ায় মানুষের সমস্যাও অনেক বেশি। এখনো অনেক মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যাঁদের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার রয়েছে, তাঁরাই সমাজের কল্যাণে বেশি অবদান রাখতে পারেন। আমরা সেই অঙ্গীকারবদ্ধ মানুষদেরই একটি অংশ।
তিনি আরও বলেন, শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও সহায়তা দেওয়ার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। এফএনবিকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলে দেশের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. রিয়াজ আহম্মেদ লিটন জাকির হোসেনকে টানা তৃতীয়বার এফএনবির চেয়ার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, জাকির হোসেনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে দেশের এনজিও খাত আরও সুসংগঠিত ও গতিশীল হবে। এ সময় তিনি এফএনবির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।