
জেলা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলায় ১১টি ইয়াবা ট্যাবলেটসহ রঞ্জন দেবনাথ নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক রঞ্জন দেবনাথ ডিমলা উপজেলার খগারহাট এলাকার নিকীন দেবনাথের ছেলে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডোঙ্গর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে এক ব্যক্তি ডোঙ্গর বাজার এলাকায় আসছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির টহল দল সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে অন্ধকারের সুযোগে পাশের ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
বিজিবি জানায়, আটকের পর তল্লাশি চালিয়ে রঞ্জন দেবনাথের কাছ থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।
বিজিবি আরোও জানায়, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।