
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষক পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে একযোগে কৃষকদের তথ্য সংগ্রহ ও ‘সার কার্ড’ বিতরণের কার্যক্রম শুরু করেছে ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও) নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাড়ি বাড়ি ও ব্লকে গিয়ে সরাসরি কৃষকদের তথ্য সংগ্রহ করবেন। পরবর্তীতে এই তথ্যের ওপর ভিত্তি করে প্রতিটি কৃষক পরিবারকে একটি করে বিশেষ ‘সার কার্ড’ প্রদান করা হবে। এই সার কার্ড তৈরির প্রক্রিয়া সফল করতে উপজেলার সকল কৃষককে তাদের স্ব-স্ব জমির মালিকানা বা চাষাবাদের কাগজপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সরবরাহ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী সময়ে নির্দিষ্ট ডিলার পয়েন্টগুলো থেকে এই ‘সার কার্ড’ ছাড়া কোনো ধরনের সার বিতরণ করা হবে না। সার বিতরণ ব্যবস্থায় পূর্ণ শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না জানান, সার ব্যবস্থাপনা ও বিতরণ কার্যক্রমকে শতভাগ সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।