
ডিমলা (নীলফামারী):প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় জ্বালানি তেলে ওজনে কম দেওয়া এবং পণ্যের ভুয়া বিএসটিআই সনদ প্রদর্শনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ মোবাইল কোর্ট।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) ডিমলা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আফতাব ফিলিং স্টেশন (বাবুরহাট, ডিমলা): প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিমিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিমিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ওজনে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আদিল অটো মুড়ির মিল (বামুনিয়া, ডোমার রোড, ডিমলা): মুড়ি পণ্যে বিএসটিআইয়ের গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান ও প্রদেয় সুযোগ নেওয়ার অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০ ধারা অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিমলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রওশন কবির-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ডিমলা উপজেলায় এ ধরনের ভেজাল ও কারচুপি বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।