
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ডোমার ও নীলফামারীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটি একটি মোটরসাইকেলের ওপর গিয়ে পড়ে। এতে ওই মোটরসাইকেলে থাকা আরোহী দম্পতি গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চিলাহাটি এলাকার একেএম জাহাঙ্গীর বসুনিয়া ( রাসেল বসুনিয়া) নিহত হন। তবে মোটরসাইকেলে থাকা নিহতের স্ত্রী আহিত হন।
এদিকে বাসটি উল্টে যাওয়ায় ওই বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসেএ উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাবিব বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও অন্যান্য আইনী কার্যক্রম চলমান রয়েছে।