
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০-১২জন। নিহত ওই নারীর নাম সালেহা বেগম (৪০)। তিনি মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা।
আজ বুধবার দুপুর তিনটায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নড়াইলগামী হানিফ পরিবহনের একটি বাসকে মীম-হামিম পরিবহনের অন্য একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের পেছনের অংশ ও মীম-হামিম পরিবহনের সামনের অংশ দুমরেমুচরে যায়। এতে মীম-হামিম পরিবহনের যাত্রী সালেহা বেগম ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক আব্দুর রহমান বলেন, দুপুর তিনটায় রাজেন্দ্রপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গাড়ি চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।