
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ ও ঢাকা-৩ সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে কেরানীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। সোমবার পর্যন্ত এ দুই আসন থেকে মোট ১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-২ আসনে তিনজন এবং ঢাকা-৩ আসনে দশজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান।
ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিমউদ্দিন মাস্টার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পল এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।এ ছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলামও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যান্যদের মধ্যে রয়েছেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন এবং দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ–মীরেরবাগ এলাকার গৃহবধূ তাহমিনা রহমান।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,
“সোমবার পর্যন্ত ঢাকা-২ আসন থেকে তিনজন এবং ঢাকা-৩ আসন থেকে দশজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।”
মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে কেরানীগঞ্জজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে এলাকাভিত্তিক যোগাযোগ, গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন।নির্বাচন কমিশন ঘোষিত নির্দিষ্ট সময়সীমা শেষে তফসিল অনুযায়ী পর্যায়ক্রমে মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হবে। এসব ধাপ শেষ হলে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী চূড়ান্ত প্রার্থীদের নাম জানা যাবে।